বাংলার আয়না

‘ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে’

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বজুড়েই এখন পরিচিত এক গল্প। বিশেষ করে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচ ঘিরে দেশের সমর্থকদের উচ্ছ্বাস বারবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই উদ্‌যাপনের ছবি ও ভিডিও নিয়মিত ভাইরাল হয়েছে।

বাংলাদেশের এই আর্জেন্টিনা-ব্রাজিলপ্রীতির খবর পৌঁছে গেছে দুই দলের খেলোয়াড়দের কাছেও। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশি সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। এবার জাপানকে হারানোর পর একই সুরে কথা বলেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারও। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২৯ জুন) রাতে শেষ ৩২–এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিল রুদ্ধশ্বাস জয় পেয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশও। এমন সময়ে আলিসনের এই ভালোবাসার বার্তা বাংলাদেশের ব্রাজিল–ভক্তদের হয়তো আরও উদ্বুদ্ধ করবে।

টি স্পোর্টসের সাংবাদিক আলিসনের কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে যাওয়া ব্রাজিলকে সমতায় ফিরিয়েছিলেন কাসেমিরো। তিনিও ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।’

শেষ ষোলোয় ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে বা আইভরিকোস্ট। শেষ ৩২–এর ম্যাচে আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিপক্ষে। সেই ম্যাচটি হবে আগামী ৪ জুলাই।

 

Scroll to Top