বাংলার আয়না

মহাকাশ থেকে হামলায় সক্ষম অস্ত্র বানাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ সোমবার বলেছেন, পৃথিবীর ওপরের মহাকাশ থেকে হামলা চালানোর জন্য তারা মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়ন করছে।

তিনি সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী এবং আমি যে প্রধান লক্ষ্যগুলোর একটি নির্ধারণ করেছি, তা হলো আমরা সেরা মেধাবীদের নিয়োগ দিচ্ছি। আজ পর্যন্ত কোনো দেশেরই মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা নেই। এই সক্ষমতায় বিশ্বের শীর্ষ দেশ আমাদেরই হতে হবে।

তিনি আরও বলেন, যদি আমরা এটি অর্জন করতে পারি, তবে এটি আমাদের শত্রুদের বিরুদ্ধে—যাদের বিপুল সম্পদ রয়েছে—প্রতিরোধ, আঘাত হানা, ধ্বংস করা এবং অন্যান্য সব বিষয়ে আমাদের অগ্রাধিকার নিশ্চিত করবে।

গত বৃহস্পতিবার কাটজ বলেছিলেন, মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতায় শীর্ষ শক্তি হয়ে উঠতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার সবশেষ বক্তব্যে প্রথমবারের মতো তিনি নির্দিষ্টভাবে মহাকাশভিত্তিক লেজারের কথা উল্লেখ করলেন।

ইসরায়েল ইতোমধ্যেই এই ক্ষেত্রে একটি অগ্রণী দেশ। তারা আয়রন বিম নামে স্থলভিত্তিক লেজার ব্যবস্থা তৈরি করেছে। সম্প্রতি এলবিট সফরের সময় দ্য জেরুজালেম পোস্ট একটি প্রকল্প প্রত্যক্ষ করেছে এবং সে সম্পর্কে অবহিত হয়েছে, যার লক্ষ্য ভবিষ্যতে যুদ্ধবিমান থেকে লেজার নিক্ষেপের সক্ষমতা তৈরি করা।

ব্রিফিংয়ের সময় কাটজের বক্তব্য থেকে মনে হয়েছে, তিনি ইরানের কথাই উল্লেখ করছিলেন। উল্লেখযোগ্যভাবে, এ বছর ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ইসরায়েল মহাকাশযুদ্ধ-সম্পর্কিত ইরানের একাধিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে মহাকাশে স্যাটেলাইটে হামলার সক্ষমতা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাও ছিল।

তবে এখনও স্পষ্ট নয়, কাটজ রাশিয়া ও চীনকে ইরানের মহাকাশ প্রতিযোগিতা এবং অন্যান্য বিষয়ে সহায়তা করা থেকে নিরুৎসাহিত করতে চাইছেন কি না।

Scroll to Top